আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস, ভেনিস ফ্যাক্টরিকে জরিমানা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর বাসাবো এলাকায় আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা, নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণের অভিযোগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। দোষ স্বীকার করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাবোর কুসুমবাগ, দক্ষিণবাগ এলাকার ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদনের চিত্র পাওয়া যায়।
অভিযানকালে আইসক্রিম রাখার স্টোরেজে মাছ ও মাংস সংরক্ষণ করতে দেখা যায়। একই সঙ্গে কারখানায় মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভারও পাওয়া যায়। খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে এমন অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া প্রতিষ্ঠানের নাম ‘ভেনিস’ হলেও ‘ড্যানিশ’ ও ‘7up’ নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এসব আইসক্রিমের উৎপাদন ও লেবেলিং নিয়েও প্রশ্ন ওঠে অভিযানে।
অভিযানে প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয়। এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষ স্বীকার করে।
অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিল।