সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২ সেপ্টেম্বর, ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ও ১লা সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।
৩১ আগস্ট উৎসবের প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি এসব বিষয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম প্রথম দিনেই ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় উৎসবের দ্বিতীয় দিনে।
উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি উৎসবের বিভিন্ন আয়োজন ও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন। এবং দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন, স্কুল অব ল।
১লা সেপ্টেম্বর উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত,অভিনেতা শ্যামল মাওলা, অভিনেতা আবদুল্লাহ রানা। এ ছাড়াও ছিলেন অভিনেত্রী তাবাসসুম সোহা, মালু দেওয়ান এবং নওশেবা।
দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনয়, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের উপস্থিতিতে উৎসবের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাঁদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই ‘মঞ্চ উৎসবের’ আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের এ আয়োজন পরিণত হয় শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।