ভারতের বিপক্ষে জিতে পাকিস্তানের সর্বনাশের শুরু
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রায় পাঁচ বছর আগে পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় জয় পেয়েছিল। ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল তারা গ্রুপের ম্যাচে। তারপর! পাকিস্তানের অধঃপতনের শুরু। সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ ইউসুফের বিশ্বাস, দলের বর্তমান সমস্যার অন্যতম কারণ সেই ঐতিহাসিক জয়।
ইউসুফের ব্যাখ্যা, ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবতে শুরু করেছিল তারা বড় কিছু অর্জন করে ফেলেছে এবং নেতৃত্বের লড়াই ড্রেসিংরুমের মধ্যে সমস্যা তৈরি করেছিল। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান কোনো উইকেট না হারিয়ে ১৫২ রানের জুটি গড়ে দলকে জেতান। সেই জয়ই আসলে পাকিস্তানের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে মনে করেন ইউসুফ।
সামা টিভি-কে সাবেক পাকিস্তানি ব্যাটার বলেন, ‘২০২১ সালে ভারতের বিপক্ষে আমাদের জেতা সেই ম্যাচ অনেক ক্ষতি করেছে আমাদের। কারণ ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবছিল তারা বড় কিছু অর্জন করেছে। তারা বুঝতে পারেনি, পরবর্তীতে তাদের কী করতে হতো?’
তিনি বলে গেলেন, ‘যখন আপনি ভালো পারফরম্যান্স করছেন, তখন আপনার বিনয়ী থাকা উচিত। যদি আপনি উদ্ধত আচরণ করেন এবং অসম্মানজন হতে থাকেন, তাহলে সমস্যা আসবেই। পাকিস্তান ক্রিকেটেও সমস্যাগুলো এসেছে।’
অধিনায়কত্বও সমস্যা তৈরি করছে মনে করেন ইউসুফ, ‘দলে থাকা সবাই পাকিস্তান দলে অধিনায়ক হওয়ার চেষ্টা করছে। এর পরিণতি এখনও পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে। ক্রিকেটে বিপর্যয় চলছে। পিসিবি পাশে দাঁড়াচ্ছে। অনেক কোচ আসছে, যাচ্ছে। পাকিস্তান দলকে সাহায্যের জন্য অনেক কিছু পাল্টে যাচ্ছে। কিন্তু কোনো খেলোয়াড় দাঁড়াচ্ছেন না এবং দায়িত্ব নিচ্ছে না।’