এসএমই খাতে প্রবৃদ্ধি বাড়াতে আইপিডিসি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ এপ্রিল, ২০২৬
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বাড়াতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং এসএমই ফাউন্ডেশন একসাথে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা উদ্যোক্তাদের জন্য অর্থায়নকে আরও সহজলভ্য করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আবদুল মুক্তাদীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মিস নুরুন নাহার। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. ওবায়দুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
এই চুক্তির আওতায় দেশের এসএমই খাতের উৎপাদনশীল শিল্প, বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টার এবং দেশব্যাপী নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি কৃষিনির্ভর শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে স্বল্প সুদে বিনিয়োগ নিশ্চিত করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির অধীনে ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। এছাড়া জাইকা অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিআইপি)-এর আওতায় ঋণের সুদের হার ৯ শতাংশ নির্ধারিত হয়েছে।
অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত এসএমই প্রধান আশিক হোসাইন এবং এসএমই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আদনান ইসলাম। এছাড়া এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য নাসরীন ফাতেমা আউয়াল, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের এসএমই খাতে অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হবে এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।