ভারত থেকে আসছে কাঁচা মরিচ, কমবে দাম
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৩ অগাস্ট, ২০২৬
দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন।
আমদানির অনুমতি পাওয়ায় ইতোমধ্যেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছেন আমদানিকারকরা। প্রক্রিয়া শেষে সোমবার বিকাল নাগাদ ভারত থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এতে বাজারে দাম কমে আসবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা মাফিক না পাওয়ায় দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। যেহেতু ভারতে দাম কম রয়েছে তাই বাজার নিয়ন্ত্রণে আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম। এর পরিপেক্ষিতে গতকাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আমদানির অনুমতি পেয়েছেন। এরপর তারা এলসি খোলা থেকে অন্য যেসব প্রক্রিয়া আছে সেগুলো করছেন। আজ বিকাল নাগাদ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে। এতে করে দেশের বাজারে দাম কমবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন। এখন তারা আমদানি করতে পারবেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।