কক্সবাজার রেলস্টেশনে বৃক্ষরোপণ করলো শাহ্জালাল ইসলামী ব্যাংক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩ অগাস্ট, ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৬ইং তারিখে কক্সবাজারের রেল স্টেশন প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন এবং রেল স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপন করেন।
পরবর্তীতে স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মো: জাফর ছাদেক, এফসিএ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সবুজ বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বৃক্ষ পরিবেশকে সুন্দর করার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠে। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যত গড়ে তোলার জন্য সবাইকে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এসকান্দার আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো: জানে আলম, চকরিয়া শাখার ব্যবস্থাপক মো: মিজানুল করিম, মদুনাঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল এবং কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার মেহেদি হাসান উপস্থিত ছিলেন।