ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়তে একসঙ্গে কাজ করবে উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ জুলাই, ২০২৬
দেশের উচ্চশিক্ষা খাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে অংশীদারত্ব চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিক ও ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে।
সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল বারী মজুমদার এবং উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপায়-এর কিউআর-ভিত্তিক মার্চেন্ট পেমেন্ট চালু করা হবে। এর ফলে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন অনুমোদিত মার্চেন্টে সহজে ও নিরাপদে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন। তারা উপায়-এর মাধ্যমে টিউশন ফি পরিশোধ এবং বৃত্তির অর্থ গ্রহণও করতে পারবেন।
এ ছাড়া উভয় প্রতিষ্ঠান আরএফআইডি-সক্ষম স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ড চালুর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিচয় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং ক্যাম্পাসের বিভিন্ন সেবা আরও আধুনিক ও কার্যকর হবে।