ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করবে উপায় ও এনআরবি ব্যাংক

দেশের গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করতে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ এবং এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এই চুক্তির আওতায় উপায় এর গ্রাহকরা অ্যাড মানি, এনআরবি ব্যাংক ও উপায় এর মধ্যে অর্থ স্থানান্তর, মাইক্রো ডিপিএস, রেমিট্যান্স বিতরণ এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন আর্থিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে কাজ করবে দুই প্রতিষ্ঠান। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপায় এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং এনআরবি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই উদ্যোগের মাধ্যমে উপায় ও এনআরবি ব্যাংক পিএলসি তাদের নিজ নিজ সক্ষমতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য আরও আধুনিক, সহজলভ্য ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকেও এগিয়ে নিতে ভূমিকা রাখবে দুই প্রতিষ্ঠান।

পাঠকের মন্তব্য