ছয় মাসে ব্যাংক এশিয়া ও ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির মুনাফায় ভাটা পড়েছে। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংক দুটির মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংক দুটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) পৃথক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় এবং গতকাল শনিবার ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

ব্যাংক এশিয়া

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ১১ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৯১ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৮ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৭ টাকা ৬০ পয়সা। আর গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।

ট্রাস্ট ব্যাংক

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪৭ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৩ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ টাকা ৪৩ পয়সা। আর গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬ পয়সা।

পাঠকের মন্তব্য