লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছেন সরকারি চিকিৎসক

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্ব পালনের সময় রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তার চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। পরে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার ডা. মইনুল হাসান চিশতীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। একই সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা যাচাই না করেই কাজের সুযোগ দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন, আর এতে এই হাসপাতাল সহযোগিতা করেছে। তার নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে। অভিযান চলাকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পাঠকের মন্তব্য