‘সাকিব স্বৈরাচারদের মঞ্চে উঠেছেন, তার দেশে ফেরার কোনো সুযোগ নেই’
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৭ অগাস্ট, ২০২৬
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলেরও বাইরে রয়েছেন সাবেক এই অধিনায়ক। জাতীয় দলের হয়ে ঘরের মাঠে বিদায়ী সিরিজ খেলার আশা প্রকাশ করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটক্রিকবাজকেতিনি বলেন, ‘তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’
গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে গণমাধ্যমে সঙ্গে কথা বলেছেন। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিবও।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
এতদিন সাকিবকে মূলত একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছিল বলে জানান আমিনুল হক। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর সেই অবস্থান বদলেছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার (সাকিব) বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’