ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নাগরিকদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নিরাপদ ও আধুনিক করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর,২০২৬) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), ব্যাংকের পরিচালক ও অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নাগরিকরা কমিউনিটি ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ সহজে ও নিরাপদে পরিশোধ করতে পারবেন।

এ উদ্যোগের ফলে নাগরিকদের বিভিন্ন রাজস্ব ও সেবা-সংক্রান্ত ফি পরিশোধে সরাসরি সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও সহজ, দ্রুত, নিরাপদ ও সময়সাশ্রয়ী সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও উপসচিব জোনায়েদ কবীর সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন মামুন উর রহমান; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন রাবেয়া পারভিন; ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম, জেমিমা ফারহিন ও ফারজানা জিতুসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য রাজস্ব ও সার্ভিস চার্জ পরিশোধে একটি সমন্বিত, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় এ উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে সহায়ক হবে।

পাঠকের মন্তব্য