শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮ এসি বাস চালু
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ০২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১১:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মইনুদ্দীন হাসান রশীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা সিটির মধ্যে গুরুত্বপূর্ণ ৬ টি রুটে এই এসি বাস সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষ করে দূরের পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে অধিকতর আরামদায়ক ও নিরাপদ পরিবহন সুবিধা পাবে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান মাহমুদ রাজা বলেন - ইউআইইউ সবসময় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। নতুন এই এসি পরিবহনসেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা এবং বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সামগ্রিক জীবনে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠার পরামর্শ দেন।
বিশেষ অতিথি জনাব মইনুদ্দীন হাসান রশীদ বলেন - ইইআইইউর শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক পরিবহন সুবিধা পাওয়ার পাশাপাশি সময়েরও সাশ্রয় করতে পারবে। এছাড়াও তিনি বলেন ইউআইইউকে আন্তর্জাতিক মানের একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড গ্রুপ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন - শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বাস সার্ভিস শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতকে সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে। এছাড়াও তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে ইউআইইউ বিভিন্ন সময়ে প্রয়োজনভিত্তিক নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস এবং ভর্তুকির মাধ্যমে বিভিন্ন রুটে পরিবহনসেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রুটে নতুন এই ১৮ টি এসি বাস সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও পরিবহন সুবিধা আরও উন্নত এবং সময়োপযোগী উদ্যোগ হিসাবে গুরুত্ব বহন করবে।
অনুষ্ঠানে ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।