বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে জাপানি ব্র্যান্ড গ্যাটসবাই
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩ সেপ্টেম্বর, ২০২৬
জাপানের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যসামগ্রীর ব্র্যান্ড গ্যাটসবাই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ম্যানডম করপোরেশনের এই ব্র্যান্ডের বাংলাদেশে আনুষ্ঠানিক অংশীদার হিসেবে কাজ করবে বেলা বিডি। স্থানীয় বাজারে ব্র্যান্ডটির ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
গ্যাটসবাই দীর্ঘদিন ধরে জাপানসহ বিভিন্ন দেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর মাধ্যমে স্থানীয় বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্র্যান্ডটি।
বাংলাদেশে কার্যক্রম শুরুর অংশ হিসেবে গ্যাটসবাই ও বেলা বিডি আজ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক সম্মেলন নগর বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় কসমেটিকা ঢাকা ২০২৬-এ অংশ নিচ্ছে। তিন দিনের এ আয়োজনে দেশীয় ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠান দুটি। এ সময় বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের চাহিদা ও সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় হবে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজার সম্প্রসারিত হচ্ছে। পরিবর্তিত জীবনযাপন, ব্যক্তিগত পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতি আগ্রহ এ খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করছে। এই প্রেক্ষাপটে গ্যাটসবাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে।
বেলা বিডির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বাংলাদেশের বাজারে গ্যাটসবাইয়ের আনুষ্ঠানিক যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে নিয়ে আসা নয়; স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাও আমাদের লক্ষ্য। বাংলাদেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের খাতে যে সম্ভাবনা রয়েছে, গ্যাটসবাইয়ের উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘কসমেটিকা ঢাকা ২০২৬ আমাদের জন্য বাংলাদেশে গ্যাটসবাইয়ের যাত্রা শুরুর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’
গ্যাটসবাইয়ের বাংলাদেশে কার্যক্রম শুরু এবং বেলা বিডির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশের গ্রুমিং ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের খাতে আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কসমেটিকা ঢাকা ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্য রয়েছে তাদের।