সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এনআরবি ব্যাংক

সিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

গত ০৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এনআরবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান জনাব মোঃ আমিনুল ইসলাম। 

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাট হাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/ বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/ সেবা/ ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে।  

এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।

এনআরবি ব্যাংক পিএলসি এই ব্যবসায়িক অগ্রযাত্রায় গর্বিত সহযোগী।
 

পাঠকের মন্তব্য