রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর চারটি স্থানে অন্তত ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে মালিবাগ, সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁও এবং রাতে যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। 

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগ রেলগেট সংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককেটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও এবং সাড়ে ৬টার দিকে মহাখালীতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে।

বনানী থানা পুলিশ জানায়, মহাখালীতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাদের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অপর ঘটনায় রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ফটকের অদূরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে যাত্রাবাড়ী থানা পুলিশ বলছে, বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেটি ককটেল বিস্ফোরণ কি না নিশ্চিত হওয়া যায়নি। যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. হাসানুর জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর ঘটে এ ঘটনা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পৃথক স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। 

পাঠকের মন্তব্য