বিকাশের মাধ্যমে বিনিয়োগের সুবিধা চালু করল ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট

বাংলাদেশে প্রথমবারের মতো বিকাশের মাধ্যমে ফিক্সড ইনকাম ওপেন এন্ড ফান্ডে বিনিয়োগের সুবিধা চালু করেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। এই সুবিধার আওতায় বিনিয়োগকারীরা এখন বিকাশ আপের মাধ্যমে খুব সহজেই বাংলাদেশের সর্ববৃহৎ ফিক্সড ইনকাম ফান্ড  ইউসিবি ইনকাম প্লাস ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। শিগগিরই প্রতিষ্ঠানটির আরো দুইটি ইকুইটি ফান্ড এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।
এ উপলক্ষে ঢাকায় ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান কার্যালয়ে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাবিল মুস্তাফিজুর রহমান, পরিচালক  শাহ আলম ও শাহবাজ তালাত, স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম রাশেদুল হাসান।
বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ; কমার্শিয়াল ডিভিশনের গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান এস এম বেলাল আহমেদ; কমার্শিয়াল ডিভিশনের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ, সিএফএ; এবং গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবু সালাহ মো. মঈনউদ্দিন ও ম্যানেজার জনাব সাকিব আহমেদ।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বিশ্বাস করে, বিকাশের মতো বিস্বস্ত ও দেশব্ব্যাপী সুবিস্তৃত ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার এই উদ্যোগ দেশের বিনিয়োগ ব্যবস্থাপনা খাতের পরিসর বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে।
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শতভাগ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ওপেন এন্ড ফান্ডের মাধ্যমে বিনিয়োগসেবা দিয়ে থাকে।

পাঠকের মন্তব্য