ডিজিটালি আরো উন্নত হতে জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসি’র চুক্তি স্বাক্ষর

জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতা আরও উন্নত করতে পিডব্লিউসি’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির এসএপি এস/৪এইচএএনএ সিস্টেমের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট নিশ্চিত করা হবে। এই চুক্তিটি জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পার্টনারশিপের আওতায় পিডব্লিউসি জিপিএইচ ইস্পাতের এসএপি এস/৪এইচএএনএ প্ল্যাটফর্মের জন্য পূর্ণাঙ্গ ইআরপি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা প্রদান করবে। এর মাধ্যমে সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যক্রম, অপ্টিমাইজেশন এবং ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

পরবর্তী প্রজন্মের ইআরপি সিস্টেম হিসেবে এসএপি এস/৪এইচএএনএ রিয়েল-টাইম ডাটা প্রসেসিং এবং উন্নত অ্যানালিটিকস সুবিধা প্রদান করে, যা প্রতিষ্ঠানকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এই সহযোগিতার মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা আরও জোরদার করতে চায়।

এই পার্টনারশিপ জিপিএইচ ইস্পাতের ডিজিটাল অবকাঠামোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতিও তুলে ধরে। পিডব্লিউসি’র অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে স্কেলেবিলিটি, উন্নত সিস্টেম পরিচালনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি টেকসই প্রযুক্তিগত ভিত্তি গড়ে তুলতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি. মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) প্রণব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইএইচএস) শামশুদ্দীন আহাম্মদ, সিনিয়র ম্যানেজার (আইসিটি) কফিল উদ্দিন মাহামুদসহ জিপিএইচ ইস্পাতের আইসিটি টিমের সদস্যরা। অন্যদিকে পিডব্লিউসি’র পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর (অ্যাডভাইজরি) রুমেসা হোসেন, ম্যানেজার (ওয়ান কনসাল্টিং) মাহামুদুল হাসান এবং ম্যানেজার (অ্যাডভাইজরি কর্পোরেট) মো. মোজাম্মেল হক

জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ বলেন, “পিডব্লিউসি’র সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এসএপি এস/৪এইচএএনএ সক্ষমতা আরও উন্নত করার মাধ্যমে আমরা কার্যক্রমের উৎকর্ষতা, দক্ষতা এবং ভবিষ্যতমুখী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি আরও দৃঢ় করছি।”

পিডব্লিউসি’র একজন প্রতিনিধি বলেন, “জিপিএইচ ইস্পাতের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। তাদের ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য।”

এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সূচনা হলো, যা ভবিষ্যতে কার্যক্রমের উৎকর্ষতা এবং ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

পাঠকের মন্তব্য