ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৬ এপ্রিল, ২০২৬
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য (পরিচালক) হয়েছেন তাবিথ আউয়াল।
আজ রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় যোগ দেন তিনি। এর আগে গত ৩১ মার্চ তার পরিচালক পদে অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক। এদিন ন্যাশনাল ব্যাংকে পরিচালক হিসেবে কার্যক্রম শুরু করেন পোশাক খাতের উদ্যোক্তা নাজনীন আহমেদ।
তাবিথ আউয়াল বর্তমানে মাল্টিমোড গ্রুপের উপ-প্রধান নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। নাজনীন আহমেদ বর্তমানে ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান। দুই জনের পরিচালক হওয়ার বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক।
২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যাশনাল ব্যাংকে ফেরেন ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু। গত ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি সরকার গঠন করলে তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
মন্ত্রী হওয়ায় সকল লাভজনক প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে হয় তাকে। পরে গত ২ মার্চ ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।