গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড হেলথকেয়ারের প্রথম আইইআরবি সভা অনুষ্ঠিত

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড স্বাস্থ্যসেবা গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে ৫ মে, ২০২৬ তারিখে। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড (আইইআরবি) চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ইউনাইটেড হেলথকেয়ার-এর ফ্ল্যাগশিপ হসপিটাল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার, ক্লিনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মঈনুদ্দিন হাসান রশীদ, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিজামউদ্দিন হাসান রশীদ, ইউনাইটেড হেলথকেয়ার-এর ম্যানেজিং ডিরেক্টর, এবং অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফাইজুর রহমান।

ইউনাইটেড হেলথকেয়ার-এর মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডাঃ আজহারুল ইসলাম খানকে আইইআরবি কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা চেয়ারম্যান এবং প্রফেসর ডাঃ মাহবুবুর রহমান সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডে বিভিন্ন মেডিকেল ও একাডেমিক ব্যাকগ্রাউন্ড-এর দেশ-বিদেশের বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডাঃ আজহারুল ইসলাম খান বলেন, "নৈতিক গবেষণা ও সচেতন উদ্যোগের সমন্বয়ে আমরা মানুষের জন্য বাস্তব ও ইতিবাচক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।"
উদ্বোধনী অনুষ্ঠানে নৈতিক পর্যালোচনা ও অনুমোদনের জন্য তিনটি গবেষণা প্রস্তাব জমা দেন ডাঃ এ টি এম হাছিবুল হাসান পরাগ, ডাঃ জামান উম্মে হুমায়রা এবং ডাঃ তাসলিমা জামান। আইইআরবি প্রতিষ্ঠার মাধ্যমে ইউনাইটেড হেলথকেয়ার উদ্ভাবনী ক্লিনিকাল রিসার্চকে উৎসাহিত করতে, একাডেমিক কোলাবোরেশন জোরদার করতে এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মন্তব্য