কাস্টমস কর্মকর্তার ওপর হামলা : নিন্দা ও শাস্তি দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

রোববার (১০ মে ) কমিশনারেটের পক্ষ থেকে যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে ওই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ৯ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর সার্কেলের অধীন বাঞ্ছারামপুর উপজেলায় দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম সাইফুল ইসলাম। দায়িত্ব পালনকালে একদল দুর্বৃত্ত তার ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এই ঘটনায় তিনি গুরুতর আহত হন। একজন সরকারি কর্মকর্তার ওপর দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং সরকারি কার্যক্রম, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক ব্যবস্থার ওপর আঘাত। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের দাপ্তরিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কর্মপরিবেশ বিঘ্নিত করে।

কাস্টমস কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসাথে আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার আহত কর্মকর্তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য ইতোমধ্যে আইনি ও ফৌজদারি কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকের মন্তব্য