ডোনেশন ফিচার চালু করলো শেয়ারট্রিপ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১১ মে, ২০২৬
ভ্রমণের টিকিট কাটার পাশাপাশি একই সঙ্গে কারো পড়াশোনার খরচে সহায়তা করা কিংবা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো, এটি এখন বাস্তবতায় রূপ নিয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ তার ব্যবহারকারীদের জন্য এমনই একটি সুযোগ তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘GiveBack’ নামে একটি নতুন ফিচার চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এয়ার টিকিট ক্রয়ের সময় সরাসরি বিভিন্ন সামাজিক উদ্যোগে অনুদান যুক্ত করতে পারবেন। বাংলাদেশের ট্রাভেল সেক্টরে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।
শেয়ারট্রিপের অ্যাপ ও ওয়েবসাইটে ফ্লাইট বুকিংয়ের সময় ডোনেশনের অপশন দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেখান থেকেই পছন্দের সংস্থাকে নির্বাচন করে অনুদান যোগ করতে পারবেন।
এই উদ্যোগের আওতায় শেয়ারট্রিপ Give Bangladesh, SAJIDA Foundation, SOS Children’s Villages, ActionAid এবং Youth Worldwide Foundation-এর মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলেছে। সংস্থাগুলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে।
এছাড়া, ২০২৩ সাল থেকে শেয়ারট্রিপ প্রতি ঈদে ‘Eid Happiness Campaign’ পরিচালনা করে আসছে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করা হয়। নতুন এই GiveBack ফিচার সেই সামাজিক উদ্যোগকে আরও বিস্তৃত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে শেয়ারট্রিপের হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী বলেন,
“আমরা চাই শেয়ারট্রিপ শুধু একটি ভ্রমণ প্ল্যাটফর্ম না হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি মাধ্যম হয়ে উঠুক। যারা মাঠপর্যায়ে কাজ করছেন, তাদের উদ্যোগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের প্রভাব বাড়াতে আমরা এই ফিচারটি যুক্ত করেছি।”
ট্রাভেল সেক্টরে প্রথম সুপারব্র্যান্ড শেয়ারট্রিপ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা সহায়তার পাশাপাশি মোবাইল রিচার্জ, অনলাইন শপিং এবং গিফট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে।