দেশে দুর্যোগ মোকাবেলায় চালু হয়েছে এনজিও-মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১২ মে, ২০২৬
বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবেলায় চালু হয়েছে এনজিও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোসড পুলড ফান্ড।
সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তহবিলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন-সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তহবিলের উদ্যোক্তা স্টাট বাংলাদেশ হাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তহবিলটি জাতীয় এনজিও এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর (এনজিও-এমএফআই) সমন্বিত সক্ষমতা ও সম্পর্ক কাজে লাগিয়ে একটি টেকসই ও স্থানীয়ভাবে সংগঠিত জরুরী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলবে। এটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি, পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম জোরদার এবং দুর্যোগকালীন দ্রুত মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের উন্নয়নে এবং দেশের বিপদের দিনে একটা বড় রকমের মাইলফলক হয়ে থাকবে।
জাতীয় এনজিও ও মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউটগুলোর সমন্বিত সক্ষমতা ও সম্পদকে কাজে লাগিয়ে এই তহবিল পরিচালিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর মাধ্যমে দুর্যোগ ও মানবিক সংকটে দ্রুত অর্থের নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি এবং পূর্বাভাস ভিত্তিক কার্যক্রম জোরদার করা হবে।
তহবিলে অংশ নেওয়া জাতীয় এনজিওগুলোর মধ্যে রয়েছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), পপি এবং এসকেএস ফাউন্ডেশন।
স্টার্ট বাংলাদেশ হাব জানিয়েছে, তারা দেশি-বিদেশি ৪০টি এনজিওর একটি জোট, যাতে ২২টি স্থানীয় ও ১৮টি আন্তর্জাতিক এনজিও আইএনজিও রয়েছে। দ্রুত অর্থায়ন ও স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমকে গতিশীল করাই তাদের মূল লক্ষ্য।
এ সময় আরও বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটি (এমআরএ), এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (ইভিসি) মো. হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক সচিব মো. জাকারিয়া, বাংলাদেশের নিযুক্ত সুইডেনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মার্টিল্ডা সভেনসনসহ আরও অনেকেই।