এসএমই উদ্যোক্তাদের ক্ষমতায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইবিএল

আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিকাশ ও উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সম্প্রতি ইস্টার্ন ব্যাংক তাদের ঢাকাস্থ প্রিন্সিপাল শাখায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

এ আয়োজনে উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই খাতের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইবিএল কর্মকর্তারা বলেন, উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক আর্থিক সমাধান, পরামর্শসেবা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে তাদের ব্যবসার টেকসই প্রবৃদ্ধিতে ইবিএল সবসময় পাশে থাকবে। একই সঙ্গে উদ্ভাবনী ব্যাংকিং পণ্য, গ্রাহককেন্দ্রিক সেবা এবং টেকসই অর্থায়নের মাধ্যমে এসএমই খাতকে আরও শক্তিশালী করতে ব্যাংকের চলমান উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসএমই উদ্যোক্তারা তাদের অনুপ্রেরণাদায়ক ব্যবসায়িক যাত্রা, সাফল্যের গল্প এবং ইবিএলের সহায়তায় ব্যবসা সম্প্রসারণের অভিজ্ঞতা তুলে ধরেন।

ইবিএল হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম, হেড অব এসএমই বিজনেস মো. শাবু মুন্সিসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অন্যতম শীর্ষ এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে ইবিএল উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং  অধিকতর অন্তর্ভুক্তিমূলক, শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
 

পাঠকের মন্তব্য