আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করল কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রধান কার্যালয়, শাখা এবং উপশাখায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ডিভিশন হেডসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের বিকাশে কমিউনিটি ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

দিবসটি উপলক্ষে ব্যাংকের শাখা ও উপশাখায় ব্যানার, ফেস্টুন, বেলুনসহ বিভিন্ন প্রচারণামূলক উপকরণে সজ্জিত করা হয়। একই সঙ্গে এমএসএমই গ্রাহক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাহক-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরা এবং এ খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বাস করে, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিবসটির আয়োজনের মাধ্যমে এ খাতের উন্নয়নে ব্যাংকের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি People, Planet and Process (3Ps) দর্শনের আলোকে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

পাঠকের মন্তব্য