বছরের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য

২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকা, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ২ দশমিক ৯৯ টাকা, যা আগের বছরের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা।

প্রতিষ্ঠানটির মুনাফার বিভিন্ন সূচকেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বার্ষিক রিটার্ন অন ইকুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৫২ শতাংশে উন্নীত হয়েছে। এসব সূচক আয় বৃদ্ধির পাশাপাশি মূলধন ও সম্পদের কার্যকর ব্যবহারের প্রতিফলন।

একক (স্ট্যান্ডঅ্যালোন) ভিত্তিতে আইডিএলসি ফাইন্যান্সের গ্রাহক আমানত দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৪ কোটি টাকা এবং ঋণ পোর্টফোলিও ১১ হাজার ৭৬০ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের প্রথমার্ধের ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে, যা দেশের আর্থিক খাতের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। পাশাপাশি ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার প্রতি নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।

আইডিএলসি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান—আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড—প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসায়িক ফলাফলে ইতিবাচক অবদান রেখেছে। এর মাধ্যমে সমন্বিত আর্থিক সেবাদানকারী প্ল্যাটফর্ম হিসেবে আইডিএলসির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজুড়ে ফান্ডিং কস্ট নিয়ন্ত্রণ, অ্যাসেট কোয়ালিটি ধরে রাখা এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান তৈরি—সবই বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও ২০২৬ সালের প্রথমার্ধে আমাদের মূল লক্ষ্য ছিল শক্তিশালী ব্যালান্স শিট বজায় রাখা, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সুযোগ কাজে লাগানো। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে সফল হয়েছি।”

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, “অ্যাসেট কোয়ালিটি ধরে রাখার পাশাপাশি ২০২৬ সালের প্রথমার্ধে আমরা উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছি, যা আমাদের আরও আশাবাদী করেছে। আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক অগ্রগতি ভবিষ্যতে আইডিএলসির ভিত্তিকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলবে।”

২৮ জুলাই রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৩৭০তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য আর্থিক সূচক:

  • সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা: ১৩৭ কোটি টাকা (আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি)
  • শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২ দশমিক ৯৯ টাকা (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা)
  • বার্ষিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১২ দশমিক ৩৬ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ)
  • রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১ দশমিক ৫২ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১ দশমিক ৪০ শতাংশ)

পাঠকের মন্তব্য