ইবিএল ও বিকাশের যৌথ উদ্যোগে বিকাশ অ্যাপে চালু হলো ডিজিটাল এফডিআর সেবা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ জুলাই, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে। দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ।
এখন থেকে বিকাশ গ্রাহকরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হলো নির্ভরযোগ্য সঞ্চয়সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে মফস্বল ও গ্রামীণ জনগোষ্ঠীসহ দেশের সকল মানুষকে একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সুবিধাজনকভাবে সঞ্চয় করতে সহায়তা প্রদান।
বিকাশ গ্রাহকরা ইবিএলে ১০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ৬ মাস ও ১২ মাস মেয়াদি এফডিআর খুলতে পারবেন। এতে স্বয়ংক্রিয় নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও থাকবে এবং গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই মুনাফা পেয়ে যাবেন। এছাড়া, তারা বিকাশ অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন।
গতকাল (২৯ জুলাই) রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে এ সেবার ঘোষণা প্রদান করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার বলেন, “বিকাশ অ্যাপে ইবিএল ডিপিএস সেবা সফলভাবে চালুর পর আমরা প্রথম ব্যাংক হিসেবে বিকাশ অ্যাপে ফিক্সড ডিপোজিট সেবা চালুর উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রতিষ্ঠায় ইবিএলের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। এখন দেশের যেকোনো প্রান্তের মানুষ নিজেদের সুবিধামতো বিকাশ অ্যাপ থেকেই ইবিএল ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন। আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে সঞ্চয়সেবা পৌঁছে দিতে ইবিএল তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ বলেন, “ব্যাংক ও বিকাশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সারা দেশের মানুষের জন্য আরও সহজলভ্য, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করছে। বিকাশের বিস্তৃত গ্রাহকভিত্তি ও শক্তিশালী ডিজিটাল অবকাঠামো কাজে লাগিয়ে ব্যাংকগুলো আরও সহজে কোটি কোটি মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিতে পারছে। বর্তমান এই অংশীদারত্বের মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পণ্য চালুর ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য আরও সম্প্রসারিত হলো, যা আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নকে আরও এগিয়ে নিয়ে যাবে”।