বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ জুলাই, ২০২৬
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করেছে। ব্লক-এফে অবস্থিত ১০,২০০ বর্গফুটের নতুন এই আউটলেটটি স্বপ্নের ৯৭৫তম আউটলেট। এর মাধ্যমে এই এলাকার বাসিন্দারা আরও সহজে আধুনিক, সুবিধাজনক ও মানসম্মত কেনাকাটার সেবা পাবেন।
প্লট-৬৩৩/এ, ব্লক-এফ, রোড-১৯, সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউ, বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশে অবস্থিত নতুন এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন, বিগ বক্স প্রিমিয়াম আউটলেট মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “অনেকদিন ধরেই বসুন্ধরা এফ ব্লক, এল ব্লক, এম ব্লক বা এর আশপাশের যতগুলো ব্লক আছে, তাদের বাসিন্দারা আমাদের কাছে দাবি জানাচ্ছিলেন এখানে স্বপ্নের স্টোর খোলার জন্য। মূলত তাদের প্রয়োজন আর সুবিধার কথা চিন্তা করেই স্বপ্নের এই স্টোর ওপেন করা। কাস্টমাররাই আসলে আমাদেরকে সাহস যোগান। 'স্বপ্ন' পরপর দশ বছর সেরা রিটেল ব্র্যান্ড হয়েছে এবং স্বপ্ন এখন দেশের সমস্ত ব্র্যান্ডের মধ্যে, সব ক্যাটাগরির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড। এটা নিশ্চিতভাবেই আমাদের প্রতি ক্রেতা-গ্রাহকদের আস্থার প্রতিফলন।”
নতুন এই আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার পণ্য, গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীসহ দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন মানসম্মত পণ্য কিনতে পারবেন।
দেশের শীর্ষ রিটেইল চেইন হিসেবে স্বপ্ন দেশজুড়ে আধুনিক রিটেইল সেবার পরিধি আরও সম্প্রসারণ করে চলেছে। নতুন নতুন এলাকায় আউটলেট চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি সারা দেশের গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য, সহজলভ্য সেবা এবং আরও উন্নত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।