চট্টগ্রামে বাংলা কিউআর লেনদেন ব্যবহারে ইউসিবির সচেতনতামূলক উদ্যোগ

ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর ব্যবহার উৎসাহিত করতে চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের শপিংব্যাগ সুপার মার্কেটে বাংলা কিউআর লেনদেন নিয়ে একটি প্রচারণামূলক কার্যক্রম আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।  

কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) স্বরূপ কুমার চৌধুরী এবং ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন করেন। এর মাধ্যমে ব্যাংকিং ও পেমেন্ট অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজে পেমেন্ট করার প্রক্রিয়া তুলে ধরা হয়। 

এই উদ্যোগে বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে সহজে ডিজিটাল পেমেন্ট করার সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে আরও বেশি ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা হয়। 

ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ডিজিটাল পেমেন্ট সহজ, সবার নাগালের মধ্যে এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী হলেই মানুষ এর সুবিধা পুরোপুরি পেতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহক ও ব্যবসায়ীকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে চাই। দেশের ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার যাত্রায় ইউসিবি কাজ করে যাচ্ছে।” 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসাইন চৌধুরী, যুগ্ম পরিচালক মো. রাশেদুল ইসলাম ও সহকারী পরিচালক মাহফুজুর রহমান; ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. আবদুল্লাহ আল মামুন, পিএমপি এবং চিফ কমিউনিকেশন্স অফিসার (সিসিও) জীশান কিংশুক হক। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য