এফইআরবি সদস্যদের সাংবাদিকতায় এআই ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সদস্যরা। রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়। বিইআরসি আয়োজিত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় অধিবেশনে সংবাদ সংগ্রহ, গবেষণা, তথ্য বিশ্লেষণ ও সংবাদ উপস্থাপনায় এআই ব্যবহারের বিষয় তুলে ধরা হয়।

এআইবিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন ব্রডকাস্ট গ্রাফিক্স ও এআই বিশেষজ্ঞ এবং রুদ্র এফএক্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এস কে মনোয়ার নাহিদ। সংবাদকক্ষের দৈনন্দিন কাজে এআইকে সহায়ক হিসেবে ব্যবহার এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকার বিষয়গুলো প্রশিক্ষণে গুরুত্ব পায়।

এ অধিবেশনে কার্যকর নির্দেশনা বা প্রম্পট তৈরির কৌশল, গবেষণা ও নথি বিশ্লেষণ এবং তথ্য থেকে সংবাদের উপাদান চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকতার নির্দিষ্ট কাজ অনুযায়ী এআইকে নির্দেশনা দেওয়া এবং পাওয়া ফলাফল যাচাই করে কাজে লাগানোর বিষয়ও তুলে ধরা হয়।

প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এআইয়ের তৈরি তথ্যের যথার্থতা যাচাই। ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত, তথ্যসূত্রের নির্ভরযোগ্যতা পরীক্ষা এবং উদ্ধৃতি ও পরিসংখ্যান মূল উৎসের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এআইয়ের দেওয়া উত্তর সরাসরি সংবাদে ব্যবহার করার আগে সাংবাদিকের নিজস্ব যাচাই ও সম্পাদনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিক দিক এবং সম্পাদকীয় দায়িত্বের বিষয়টি আলোচনায় আসে। সংবাদ তৈরির বিভিন্ন ধাপে এআইয়ের সহায়তা নেওয়া হলেও প্রকাশিত তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সাংবাদিকের তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (পেট্রোলিয়াম) ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য (বিদ্যুৎ) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার, কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার, এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ এবং একাত্তর টেলিভিশনের হেড অব বিজনেস ইকবাল আহসান।

পাঠকের মন্তব্য